সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় আ স ম জুলহাস জীম নামে মোটরসাইকেল আরোহী এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের বড় ভাই একেএম জাকারিয়া মারাত্মক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ঝাঐল ওভারব্রিজ এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আসম জুলহাস জীম বগুড়ার বিন্দাবন পাড়ার তারাজুল ইসলামের ছেলে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার ভাই আহত একেএম জাকারিয়াকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি সৈয়দ সহিদ আলম বলেন, ‘ঢাকা থেকে মোটরসাইকেলে করে বগুড়ায় যাচ্ছিলেন জুলহাস ও জাকারিয়া। ঝাঐল ওভারব্রিজ এলাকায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে পৌছালে তাদের বহনকারী মোটরসাইকেলকে ধাক্কা দেয় স্থানীয় এক বিড়ি কোম্পানির কাভার্ডভ্যান।’
তিনি আরও জানান, স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এর পর পরই জুলহাসের মৃত্যু হয়। পুলিশ কাভার্ডভ্যানটি আটক করলেও চালক-সহকারী পালিয়ে যায়। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানায় এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে।








