চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাবেক স্ত্রীকে হত্যার দায়ে সুমন আলী নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক শওকত আলী আসামির উপস্থিতিতে এই রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সুমন আলী জেলার শিবগঞ্জ উপজেলার চৌতন্যপুর মিয়াপাড়া গ্রামের আমির হোসেনের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, শিবগঞ্জ উপজেলার চৌতন্যপুর বাগানপাড়া গ্রামের নুর আলমের মেয়ে সীমার সঙ্গে ২০১২ সালে বিয়ে হয় সুমনের। বিয়ের পর থেকেই স্ত্রী ফারজানা আকতার সীমাকে কারণে-অকারণে মারধর করতো সুমন। ২০১৫ সালে গ্রাম্য সালিশের মাধ্যমে তাদের বিয়ে বিচ্ছেদ হয়। কিন্তু এর পরও সুমন পথে ঘাটে সীমাকে বিরক্ত করতো। এর এক পর্যায়ে ২০১৬ সালের ৭ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে সুমন ছুরি হাতে সীমাদের বাড়িতে ঢুকে সীমা ও তার মা দিলুয়ারা বেগমকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই সীমা মারা যায়।
এই ঘটনায় ওই দিন রাতেই নিহত সীমার ছোট ভাই কামরুজ্জামান বাদী হয়ে সুমনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে সুমনকে অভিযুক্ত করে ২০১৭ সালের ৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সারোয়ার রহমান।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আঞ্জুমান আরা জানান, ‘আদালতে ১১ জন সাক্ষীর সাক্ষ্য ও যুক্তিতর্ক শেষে বিচারক উপরোক্ত রায় দেন। এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও সীমার পরিবার।
সরকারি পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আঞ্জুমান আরা এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট সৈয়দ শাহ্জামাল।








