প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘কোনও চক্রান্ত-ষড়যন্ত্রে উন্নয়ন অগ্রযাত্রা বন্ধ করা যাবে না; কোনও অপশক্তিই তা নস্যাৎ করতে পারবে না। ১৪ দল ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়ন অগ্রযাত্রার পক্ষে থাকবে; প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগিতা দেবে।’
শুক্রবার (৫ এপ্রিল) বিকালে কাজিপুর উপজেলা সদরে নির্মিত স্বাধীনতা স্কয়ারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব ও শহীদ এম মনসুর আলীসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি একথা বলেন। পরে তিনি উপজেলা সদরে নির্মিত বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেন।
নাসিম বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারে আছে বলেই দেশের উন্নয়ন হচ্ছে; আলোকিত বাংলাদেশ গড়ে উঠেছে। শেখ হাসিনার সরকার মানেই উন্নয়নের সরকার। এই কাজিপুরের দুর্গম চরে ১০ শয্যার মা ও শিশুকল্যাণ কেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ, পাকা সড়ক নির্মাণ, রেস্টহাউস নির্মাণ, উপজেলা পরিষদের নতুন ভবন, শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ, আইএইচটি, আমেনা মনসুর টেক্সটাইল, পাঁচশ’ আসনের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়াম নির্মাণসহ আরও নানা কাজ করেছে বর্তমান সরকার।’
তিনি আরও বলেন, ‘সরকারের ধারাবাহিকতা থাকলে উন্নয়ন হয়, দেশের সমৃদ্ধি হয়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সরকারের ধারাবাহিকতার কোনও বিকল্প নেই।’
এসময় আরও ছিলেন– উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী, আওয়ামী লীগ সভাপতি আলহাজ শওকত হোসেন, সাধারণ সম্পাদক নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, পৌর আওয়ামী লীগ সভাপতি গোলাম মোস্তফা তালুকদার, ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল প্রমুখ।








