রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে মারা গেছেন। রবিবার (৭ এপ্রিল) সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। নিহতদের সহপাঠীরা জানিয়েছেন, ‘অতিরিক্ত মদ্পানে’ তাদের মৃত্যু হয়েছে।
মারা যাওয়া শিক্ষার্থীরা হলেন, আইন বিভাগের মুহতাসিম। তার বাড়ি খুলনার দৌলতপুরে। আরেকজন অর্থনীতি বিভাগের তূর্য রায়। তার বাড়ি নীলফামারী জেলার ডোমার উপজেলায়। তারা দুজনই বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। একই ঘটনায় রুয়েটের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাকিব হাসান রামেকের ১৭ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত শিক্ষার্থীদের সহপাঠীরা জানান, শুক্রবার (৫ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন রামচন্দ্রপুর এলাকার এনএন ছাত্রবাসে এই তিন শিক্ষার্থী মিলে মদ পান করেন। অতিরিক্ত মদপানের কারণে তারা অসুস্থ হয়ে পড়েন। পরে ভোর ৪টার দিকে তাদের রামেক হাসপাতালে নিয়ে আসেন মেস মালিক ও তার সহপাঠীরা।
মেস মালিক আলফাজ হোসেন জানান, হাসপাতালে আনার সঙ্গে সঙ্গেই মুহতাসিম মারা যান। সকাল ৮টার দিকে মারা যায় তূর্য।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘এক শিক্ষার্থীর মাধ্যমে আমি শুনেছি দুই শিক্ষার্থী অতিরিক্ত মদপান করে অসুস্থ হয়ে মারা গেছে।’
রাজশাহী মহানগর পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়ের আলম বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি তারা নেশাজাতীয় কিছু পানের কারণে মারা গেছে। তারপরও নেশা নাকি অন্য কারণে মারা গেছে তা তদন্ত করছি। ময়নাদতন্ত রিপোর্ট পেলে আসল ঘটনা জানতে পারবো।’








