পাবনার ঈশ্বরদীতে মাত্র দুই হাজার টাকা নিয়ে দ্বন্দ্বে জিয়ারুল ইসলাম (৩৫) নামে একজনকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। তারই ছোট ভাই কাজিম উদ্দিনের বিরুদ্ধে এই অভিযোগ। বুধবার (১ মে) সকাল ৯টার দিকে উপজেলার আমবাগন পুলিশ ফাঁড়ির সামনে এ ঘটনা ঘটে।
নিহত জিয়ারুল ইসলাম ও অভিযুক্ত কাজিম উদ্দিন ঈশ্বরদী পৌর সদরের বস্তিপাড়া মহল্লার মন্টু মণ্ডলের ছেলে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, ছোট ভাই কাজিম উদ্দিন তার বড় ভাই জিয়ারুল ইসলামের কাছে দুই হাজার টাকা পেতেন। বুধবার সকালে সেই টাকা চান কাজিম। কিন্তু ব্ড় ভাই টাকা দিতে অস্বীকার করায়, দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে কাজিম তার বড় ভাই জিয়ারুলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। আহতাবস্থায় জিয়ারুলকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। কাজিমকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।







