রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র খায়রুজ্জামান লিটন বলেছেন, ‘পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নগরীর ফুটপাত ব্যবসায়ীদের সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ব্যবসা করার অনুমতি দেওয়া হয়েছে। নির্দিষ্ট নিয়ম মেনে পথচারীদের সমস্যা সৃষ্টি না করে তারা ব্যবসা করতে পারবেন।’
সোমবার (৬ মে) দুপুরে মহানগরীর ফুটপাত ও ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় ফুটপাত ও ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে এ ঘোষণা দেন তিনি।
এর আগে মেয়র খায়রুজ্জামান লিটনের সঙ্গে মতবিনিময় সভায় ফুটপাত ব্যবসায়ীরা রমজান মাসে সকাল থেকে ব্যবসা করার অনুমতি চান। তাদের দাবির পরিপ্রেক্ষিতে অনুমতি দেন মেয়র। তবে নগরীর ভূবনমোহন পার্ককে ঘিরে কেউ ব্যবসা করতে পারবে না বলে জানানো হয়। এছাড়া সব জায়গা থেকে রাত ১০টার পর মালামাল ফুটপাত থেকে সরিয়ে নিতে হবে।
রাজশাহী সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবুর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শাওগাতুল আলম, নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল ও বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান কালু।








