রাজশাহী-ঢাকা রুটে চলাচলকারী বিরতিহীন ‘বনলতা এক্সপ্রেস’ ট্রেনে টিকিটের সঙ্গে বাধ্যতামূলক খাবারের সিদ্ধান্ত বাতিলের সিদ্ধান্ত হয়েছে। একইসঙ্গে ভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। আগামী ১৮ মে থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
এ তথ্য নিশ্চিত করে রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার আবদুল করিম জানান, কর্তৃপক্ষের নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী ১৮ মে’র টিকিট এসি চেয়ার ৭১৯ এবং শোভন ৩৭৫ টাকায় বিক্রি করা হবে। বনলতা ট্রেন আগের শিডিউল অনুযায়ী নিয়মিত যাতায়াত করবে।
তিনি আরও বলেন, রাজশাহী থেকে ট্রেনের আগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত হয়নি। ১০ রমজানের পর এই সিদ্ধান্ত হবে।
গত ২৫ এপ্রিল সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বনলতা এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করেন। শুরু থেকে বনলতা এক্সপ্রেসের টিকিটের সঙ্গে বাধ্যতামূলক খাবারের মূল্য ১৫০ টাকা আদায় করা হয়। এতে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী-২ সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা এবং রাজশাহী-৬ আসনের এমপি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাধ্যতামূলক খাবার বাতিলের জন্য রেলমন্ত্রীর সঙ্গে কথা বলেন। এরই পরিপ্রেক্ষিতে রেলওয়ে বাধ্যতামূলক খাবার বাতিলে সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, গত ২৭ এপ্রিল থেকে বাণিজ্যিক যাত্রা শুরু করে বিরতিহীন বনলতা এক্সপ্রেস। শুরু থেকে এর টিকিটের দামের সঙ্গে ১৫০ টাকার খাবার বিলও যুক্ত করা হয়। অত্যাধুনিক এই ট্রেনটিতে বাংলাদেশ রেলওয়ের প্রথম নিজস্ব ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম সার্ভিসেসের (বিআরসিটিএস) মাধ্যমে খাবার সরবরাহ করা হয়।








