রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানার আলীগঞ্জ উত্তরপাড়া এলাকায় কুপিয়ে জখমের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রবিবার (১২ মে) রাত ১০টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এর আগে শনিবার রাতে তারাবির নামাজ পড়ে বাড়ি ফেরার সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে।
নিহতের নাম আনারুল ইসলাম। তিনি আলীগঞ্জ উত্তর পাড়ার মৃত আব্দুল আজিজের ছেলে। আনারুল রাইচ মিল ব্যবসায়ী।
স্থানীয়রা জানান, শনিবার রাতে স্থানীয় মসজিদে তারাবির নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন আনারুল ইসলাম। এসময় কয়েক যুবক তাকে কুড়াল দিয়ে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে রাখা হয়। আজ রাতে তিনি মারা যান।
কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম আরিফ বলেন, ‘গত ৭ মে কবুতর নিয়ে স্থানীয়দের সঙ্গে আনারুল ইসলামের বাকবিতণ্ডা হয়। এর জের ধরে শনিবার রাতে তারাবির নামাজের পর আনারুলকে কুপিয়ে আহত করে। এরপর রবিবার রাতে হাসপাতালে তার মৃত্যু হয়। এই ঘটনায় রবিবার দুপুরে চারজনকে এজাহারভুক্ত করে থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করা যাচ্ছে না।’
ওসি আরিফ আরও বলেন, ‘লাশ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।’








