বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (৫ জুন) সন্ধ্যায় নন্দীগ্রামের কুন্দারহাট বাসস্ট্যান্ডে পিকআপের চাপায় ভ্যানচালক ও বৃহস্পতিবার সকালে শেরপুরের গাড়িদহ এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হন।
নিহতরা হলেন- বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট সড়কপাড়া গ্রামের কাশেম আলী (৪২) ও শেরপুর উপজেলার কাফুরা গ্রামের শহিদুল ইসলাম (৪০)।
হাইওয়ে পুলিশ কুন্দারহাট ফাঁড়ির এসআই কাজল কুমার নন্দী জানান, ঈদের দিন বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাশেম আলী কুন্দারহাট বাসস্ট্যান্ডে তার ভ্যানে তিন যাত্রী তোলার পর আরও যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন। এ সময় একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিতে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক, যাত্রী ও পথচারীসহ ছয়জন আহত হন। তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে (শজিমেক) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে ভ্যানচালক কাশেম আলী মারা যান। আশঙ্কাজনক অবস্থায় এমদাদ হোসেন নামে একজনকে ঢাকায় পাঠানো হয়। ঘটনার পরপরই চালক শফিকুল ইসলামকে গ্রেফতার ও পিকআপটি জব্দ করা হয়েছে।
এদিকে বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে বগুড়ার শেরপুরের গাড়িদহ এলাকায় শেরপুর ছেড়ে আসা বগুড়াগামী করতোয়া গেটলক বাসের সঙ্গে ঢাকাগামী অপু পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই করতোয়া গেটলকের চালক শহিদুল ইসলাম মারা যান। আহত চার যাত্রীকে শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস দুটি জব্দ করা হয়েছে। ঢাকাগামী বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে পৃথক অপমৃত্যু মামলা হয়েছে।








