কৃষকদের থেকে বোরোধান সংগ্রহের নির্দেশনা থাকলেও সিরাজগঞ্জের তাড়াশে সিন্ডিকেটের মাধ্যমে মিল মালিক ও ব্যবসায়ীদের থেকে ধান সংগ্রহের অভিযোগ উঠেছে। এমন অভিযোগে ইউএনওর বিরুদ্ধে সোমবার (১ জুলাই) দুপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন তাড়াশের ভুক্তভোগী কৃষকরা। দু’শতাধিক কৃষক তাড়াশ প্রেসক্লাব চত্ত্বরে এ কর্মসূচি পালন করেন।
কৃষকরা অভিযোগ করেন, মাইকিং করে প্রকৃত কৃষকদের থেকে ধান কেনার প্রতিশ্রুতি দিলেও ইউএনও শেষ পর্যন্ত কথা রাখেননি। প্রকৃত কৃষকদের ধানের মান যাচাই করে কৃষি কার্ডের মাধ্যমে খাদ্য গুদামে ধান ক্রয়ের নিশ্চয়তাও দিলেও তারও বাস্তবায়ন হয়নি। বরং সিন্ডিকেটের খপ্পরে পড়ে ইউএনও মিল মালিক ও ব্যবসায়ীদের নিকট থেকেই ধান কিনছেন।
সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন তাড়াশ উপজেলা কৃষলীগের সভাপতি কাজী গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রিন্টু, বারুহাঁস ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, তালম ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, দেশীগ্রাম ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আব্দুল হালিম, প্রান্তিক কৃষক ছাইফুল ইসলাম, আব্দুস সালাম, মোক্তার হোসেন প্রমুখ।
বক্তারা খাদ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন, এ প্রসঙ্গে ইউএনও ইফ্ফাত জাহান সাংবাদিকদের কাছে দাবি করেন, সরকারি নীতিমালার বাইরে আমি কোনও ধান ক্রয় করিনি।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফিরোজ মাহমুদ বলেন, তাড়াশে সাধারণ কৃষকদের বিক্ষোভ ও মানববন্ধনের খবরটি আমরাও জেনেছি।








