স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে বর্তমান সরকার অঙ্গীকারাবদ্ধ। আগামী একশ’ বছরের ভাবনায় দেশকে এগিয়ে নিতে হবে। দেশের গ্রামগুলোকে শহরে পরিণত করতে হবে। এজন্য জমির আইল না রেখে সমন্বিত চাষাবাদ করতে হবে।’
শনিবার (৭ জুলাই) দুপুরে বগুড়ায় পল্লি উন্নয়ন একাডেমির (আরডিএ) আইটি সেন্টারে ‘আমার গ্রাম আমার শহর’ বিষয়ক গবেষণা কার্যক্রমের পর্যালোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।
আরডিএ-এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আমিনুল ইসলাম সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেন; যাতে ১৭টি সেক্টর উন্নয়ন বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করা হয়। পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব কামাল উদ্দিন তালুকদারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। এ ছাড়া, ছিলেন– হাবিবর রহমান (এমপি), জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী সাইফুর রহমান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী খলিলুর রহমান, বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. মকবুল হোসেন, সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু প্রমুখ।








