যৌন হয়রানির অভিযোগে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ছাত্রীকে বহনকারী একটি অটোরিকশা জব্দ করা হয়েছে। সেইসঙ্গে অটোরিকশা চালক শামসু ডলার সুমনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৬ আগস্ট) নগরীর ভেড়িপাড়া মোড় থেকে গ্রেফতার করে মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, ঘটনার সঙ্গে সম্পৃক্ত অটোরিকশা জব্দ করা হয়েছে। সেইসঙ্গে অটোরিকশার চালককে গ্রেফতার করা হয়েছে। তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে অটোচালক স্বীকার করেছেন তার অটোরিকশাতেই মেয়েটি উঠেছিল। তদন্তকালে প্রাপ্ত তথ্য প্রমাণ ও প্রত্যক্ষদর্শী সাক্ষীর প্রদত্ত তথ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে জানা যায়, আসামি ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিল। এ সময় ঘটনায় ব্যবহৃত অটোবাইকটি (রেজিঃ নং-রা.সি.ক-খ-৮২৩, ২০১৮-২০১৯) জব্দ করা হয়।
গোলাম রুহুল কুদ্দুস আরও জানান, এরপরও আমরা সুষ্ঠু তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ডের আবেদন করেছি। আর অটোরিকশার অন্য যাত্রীদেরও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। এর আগে ১৯ আগস্ট সোমবার বিকালে যৌন হয়রানির শিকার হয়েছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন রুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ওই ছাত্রী। তবে তখন তিনি আইনের আশ্রয় নেননি। এমনকি ঘটনার সত্যতা যাচাইয়ে তার সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি গণমাধ্যমে কথা বলতে রাজি হননি। পরে পুলিশ নিজেই স্ট্যাটাসের সূত্র ধরে তদন্তে নামে। পরে ওই ছাত্রী মামলা দায়ের করেন।








