রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে সেবার মান আরও বাড়াতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। তিনি বলেন, ‘সেবা পাওয়ার ক্ষেত্রে রোগীদের যেন কোনও হয়রানি না হয়। এজন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সবাই মিলেই হাসপাতাল থেকে সব ধরনের অব্যবস্থাপনা দূর করতে হবে।’ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে হাসপাতাল পরিচালনা পর্ষদের সভায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের সভাপতি বাদশা বলেন, ‘উত্তরাঞ্চলের এই হাসপাতালে অনেক দূর-দূরান্ত থেকে ভালো চিকিৎসার জন্য মানুষ ছুটে আসে। তাই চিকিৎসা সেবায় পিছিয়ে থাকলে চলবে না। যুগের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে।’
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির এই সাধারণ সম্পাদক বলেন, ‘হাসপাতাল পরিচালনা পর্ষদের সভাপতি হওয়ার পর চিকিৎসার জন্য নতুন নতুন যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে। হাসপাতালটিতে নতুন ভবন করা হয়েছে। আরও যেসব সংকট রয়েছে, সেগুলো দূর করার জন্য আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। এ জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করি।’
সম্প্রতি হাসপাতালে ঠিকাদারের বিরুদ্ধে রোগীদের নিম্নমানের কলা-পাউরুটি সরবরাহের অভিযোগ ওঠে। এ নিয়ে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) এই কমিটির তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। প্রতিবেদন অনুযায়ী, এ ব্যাপারে দ্রুত যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য হাসপাতালের পরিচালককে নির্দেশ দেন সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।
সভায় হাসপাতাল পরিচালনা কমিটির অন্যতম সদস্য শাহীন আক্তার রেনী, রাজশাহী সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমানসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।








