ভারতের বিহার, মালাদা, পাটনাসহ বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের কারণে সৃষ্ট বন্যার কারণে ফারাক্কার ১০৯টি লক গেট খুলে দেওয়া হয়েছে। উজানের ঢলে পদ্মায় হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায় রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চল তলিয়ে গেছে। এ অবস্থায় রাজশাহীর পদ্মার চরাঞ্চল থেকে লোকজন সরিয়ে নিতে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসকদের এ নির্দেশনা দেওয়া হয় বলে এক ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলম।
সোমবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টা ৪৫ মিনিটের দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া ওই পোস্টে প্রতিমন্ত্রী জানান, রাজশাহীর জেলা প্রশাসককে নির্দেশনা দিয়েছি বন্যা পরিস্থিতির অবনতি হলে (প্রয়োজন হলে) গোদাগাড়ী ও পবাসহ সব চরাঞ্চলের লোকজন সরিয়ে মূল ভূখণ্ডে নিয়ে আসার জন্য।
স্ট্যাটাসে তিনি আরও লিখেছেন, ঢাকায় কথা বলে প্রথম দফায় কিছু ত্রাণ বিতরণ করা হয়েছে। একটু আগে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সঙ্গে বিস্তারিত কথা হয়েছে। আমি রাজশাহীর জেলা প্রশাসককে নির্দেশনা দিয়েছি গোদাগাড়ী ও পবাসহ সব চরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হলে (প্রয়োজন হলে) মানুষ সরিয়ে মূল ভূখণ্ডে নিয়ে আসার জন্য। এর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি রাখতে বলা হয়েছে। মন্ত্রণালয় থেকে দ্রুত বাড়তি বরাদ্দ দেওয়া হচ্ছে। স্থানীয় উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা সমন্বয়ের মাধ্যমে কাজগুলো করবেন।
এদিকে রাজশাহী শহর রক্ষা বাঁধ নিয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব চাঁপাইনবাগঞ্জ) সৈয়দ সাহিদুল আলম জানান, এভাবে পানি বাড়লে দুই-তিন দিনের মধ্যে বিপাদসীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। বাঁধের কোনও জায়গা সমস্যা হলে আমরা পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে রেখেছি। আর রাজশাহী শহর খুব নিচু এলাকা নয়। তাই ভয় পাওয়ার কিছু নেই।
আরও পড়ুন:
ফারাক্কার ১০৯ গেট খুলে দিয়েছে ভারত, ভয়াবহ বন্যার আশঙ্কা
ফারাক্কার ১০৯ গেট খুলে দেওয়ায় আতঙ্কের কিছু নেই: পানিসম্পদ সচিব








