রাজশাহী শিক্ষাবোর্ডে এবার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ২ লাখ ৬৩ হাজার ৪৪১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। রাজশাহী বিভাগের ২ হাজার ৯৯০ শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসব পরীক্ষার্থীরা অংশগ্রহণ করবে। এবার পরীক্ষার কেন্দ্র ২৫৯টি। বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে।
রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর দেবাশীষ রঞ্জন রায় বলেন, ‘পরীক্ষার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করি ভালোভাবেই সুন্দর পরিবেশে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে।’
রাজশাহী শিক্ষাবোর্ডের তথ্য অনুযায়ী, গত বছর রাজশাহী বোর্ডে জেএসসি পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ লাখ ৪৬ হাজার ৯৯৩ জন। সেই হিসাবে এবার ১৬ হাজার ৪৪৮ জন শিক্ষার্থী বেড়েছে।
খ্রিস্টধর্মের ‘সেভেন ডে অ্যাডভান্টিস্ট’ সম্প্রাদায়ের অনুসারীদের ধর্মীয় রীতি অনুসারে শনিবার দিনের বেলায় লেখা নিষিদ্ধ। তাই ২ নভেম্বর শনিবার বাংলা ও ৯ নভেম্বর গণিত বিষয়ে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত পরীক্ষা হবে। এ পরীক্ষায় ৪২ জন ছাত্র ও ৫৫ জন ছাত্রী অংশ নেবে। তাদের পরীক্ষাকে কেন্দ্র করে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষাবোর্ড।
জয়পুরহাটের পাঁচবিবি এলাকায় বেশ কিছু মিশন স্কুল রয়েছে। এসব স্কুলগুলো থেকে এবছর ৯৭ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নেবে।
রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর দেবাশীষ রঞ্জন রায় জানায়, খ্রিস্টধর্মের সেভেন ডে অ্যাডভান্টিস্ট সম্প্রাদায়ের অনুসারীদের ধর্মীয় রীতি অনুযায়ী শনিবার দিনের বেলায় লেখা নিষিদ্ধ। এজন্য ২ নভেম্বর শনিবার বাংলা এবং ৯ নভেম্বর গণিতের পরীক্ষা সন্ধ্যা ৬টা থেকে ৯টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস বলেন, পরীক্ষা চলাকালানী কেন্দ্রের ২০০ গজের মধ্যে সব ধরনের মিছিল, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, বিস্ফোরত দ্রব্য ও সব প্রকার অস্ত্র বহন নিষিদ্ধ করা হয়েছে।








