বগুড়া রেলওয়ে স্টেশনে নামতে গিয়ে ট্রেনের চাকায় কাটা পড়ে মানিক (৪০) নামে এক ভিক্ষুকের দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। বুধবার (২৭ সভেম্বর) সকালের ওই ঘটনার পর মুমূর্ষু অবস্থায় তাকে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই আক্তারুন্নাহার লিপি এর সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়ার সাবলা গ্রামের মানিক পেশায় একজন ভিক্ষুক। তিনি বগুড়া শহর ও বিভিন্ন স্থানে ভিক্ষা করেন। মানিক বুধবার সকালে তালোড়া স্টেশন থেকে পঞ্চগড়গামী সেভেনআপ ট্রেনে ওঠেন। বেলা ১১টার দিকে ট্রেনটি বগুড়া স্টেশনের ২ নম্বর লাইনে প্রবেশ করে। এ সময় তাড়াহুড়ো করে নামার চেষ্টা করলে লুঙ্গির সঙ্গে প্যাঁচ লেগে তিনি পড়ে যান। এতে ট্রেনের চাকায় তার ডান পা কাটা পড়ে এবং বাম পা থেঁতলে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
মেডিক্যাল কলেজের পুলিশ ফাঁড়ির এসআই আবদুল আজিজ মন্ডল জানান, হাসপাতালে ভর্তির পর ভিক্ষুক বাবলুর বাম পাটিও কেটে ফেলতে হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।








