নিখোঁজের ২৪ ঘণ্টা পর বিবিএ পড়ুয়া এক শিক্ষার্থীর মরদেহ নাটোর সদর উপজেলার হালসা এলাকার বাঁশঝাড় থেকে উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে দেহটি উদ্ধার করা হয়। নিহতের ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাত এবং বাম চোখের ওপরে ফোলার চিহ্ন দেখা গেছে।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিহত শিক্ষার্থীর নাম কামরুল ইসলাম। তিনি হালসার নবীনকৃষ্ণপুর গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। নাটোরের বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘রাজশাহী ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আরএসটিইউ)’-এর বিবিএ বিভাগের শিক্ষার্থী ছিলেন তিনি।
এসআই সুব্রত নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, শনিবার রাত ৯টার দিকে কামরুলকে কে বা কারা মোবাইল ফোনে ডেকে নিয়ে যায়। রাতে বাড়ি না ফেরায় বিভিন্নস্থানে খোঁজাখুঁজির পর রবিবার দুপুরে সদর থানায় সাধারণ ডায়েরি করে পরিবার। বিকালে এলাকার শিশুরা খেলতে গিয়ে ঘটনাস্থলের পাশে ঘাসের মধ্যে কামরুলের মোজা দেখতে পায়। বিষয়টি জানতে পেরে রাত আটটার দিকে পরিবারের লোকজন ওই স্থানের আশেপাশে সন্ধান করতে থাকে। পরে নুরু মিয়ার বাঁশবাগানে গিয়ে কামরুলের মরদেহ শনাক্ত করেন তারা।
খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করেছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানায় পুলিশ।








