নাটোরের গুরুদাসপুর উপজেলায় ছুরিকাঘাতে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত মনোয়ারা বেগম পারগুরুদাসপুর পূর্বপাড়ার প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক হাতেম আলীর স্ত্রী।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভোরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আনারুল ইসলাম।
নিহতের স্বামী হাতেম আলী জানান, ভোরে ফজর নামাজ পড়ে ঘরে ফিরে স্ত্রীর রক্তাক্ত লাশ দেখতে পাই। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা এসে লাশ উদ্ধার করে।
গুরুদাসপুর থানার ওসি মোজাহারুল ইসলাম জানান, নিহতের পিঠে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। পিঠ থেকে ছোড়াটি উদ্ধার করা হয়েছে। তবে নিহতের স্বামী দাবি করেছেন, নিহতের গলায় স্বর্ণের একটি চেইন ছিল তা পাওয়া যাচ্ছে না। খুনিকে আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।








