বগুড়া-১ আসনের প্রয়াত সংসদ সদস্য আবদুল মান্নানের দক্ষতা ও নেতৃত্বের প্রশংসা করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘আবদুল মান্নান বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে তার মেধা, শ্রম ও ভালোবাসা দিয়ে মানুষের হৃদয় জয় করেছেন। তার দৃঢ় প্রত্যয় ছিল সামনে এগিয়ে যাওয়ার। সারিয়াকান্দির আজকের (বৃহস্পতিবার) স্মরণসভায় মানুষের ব্যাপক উপস্থিতি প্রমাণ করে আবদুল মান্নান মানুষের কতটা প্রিয় ছিলেন।’
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকালে বগুড়ার সারিয়াকান্দি পাবলিক মাঠে আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নানের স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।
আব্দুর রাজ্জাক বলেন, ‘এমপি আবদুল মান্নান উন্নয়নকে এগিয়ে নিতে কাজ করেছেন। দুঃসময়ে তিনি ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছেন। ৭৫ পরবর্তী সময়ে জিয়াউর রহমান ও স্বাধীনতাবিরোধী অপশক্তি যখন আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতে পরিকল্পনা, চক্রান্ত করছিল; তখন বঙ্গবন্ধুকন্যা মান্নানকে ছাত্রলীগের দায়িত্ব দেন। তিনি বগুড়ার মানুষের কথা ভাবতেন। সারিয়াকান্দি-সোনাতলার তৃণমূল মানুষের উন্নয়ন ছিল তার স্বপ্ন।’
আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে বিশ্বের বুকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন। এখন উন্নয়নের রোল মডেল বাংলাদেশ। প্রধানমন্ত্রী দেখিয়ে দিয়েছেন বাংলাদেশ ভিক্ষুক, দারিদ্র্যেতার দেশ নয়; উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার দেশ।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নানের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক মতিউর রহমান মতির সঞ্চালনায় স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, সারিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মুহাম্মদ মুনজিল আলী সরকার প্রমুখ।
এর আগে কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক ও অন্য অতিথিরা আবদুল মান্নানের কবর জিয়ারত করেন।








