তৃণমূলের কর্মীরা আওয়ামী লীগের শক্তি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘দলের দুর্দিনে নেতা ভোল পাল্টিয়েছে, কিন্তু কর্মীরা পাল্টায়নি। কর্মীরা ঐক্যবদ্ধ থেকেছে। যে যত বড় দায়িত্ব পান, তাকে তত বিনয়ী হতে হয়। দায়িত্বে থাকলে বিনয়ী হতে হবে।’
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকালে রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।
এখন জসিম উদদীনের কবিতার মতো গ্রাম আর দেখা যায় না মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, ‘দেশে এখন আর কেউ ছেঁড়া কাপড় পরে না। খালি পায়ের মানুষ দেখা যায় না। গ্রামে ছনের চালা দেখা যায় না। বাসি ভাতের জন্য কেউ চিৎকার করে না। বাংলাদেশ সব সূচকে পাকিস্তানকে ছাড়িয়ে গেছে। কিছু কিছু সূচকে ভারতকেও ছাড়িয়ে গেছে। এসব শেখ হাসিনার জাদুকরি নেতৃত্বের গুণে সম্ভব হয়েছে।’
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘দেশকে বদলে দিতে হলে ক্ষমতার ধারাবাহিকতা দরকার। শেখ হাসিনা আরও ৫-১০ বছর সময় পেলে পৃথিবীর মানুষ উদাহরণ হিসেবে সিঙ্গাপুর ও মালয়েশিয়ার পরিবর্তে বাংলাদেশের নাম বলবে।’
বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, ‘১ মার্চ রাজশাহী মহানগর আওয়ামী লীগের সম্মেলনের ব্যাপারে সবাই একমত হয়েছেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন শুরু মাস মার্চে। পুরো রাজশাহী সাজবে মুজিববর্ষের সাজে, একইসঙ্গে আড়ম্বরভাবে মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।’
সভাপতির বক্তব্যে মহানগর আওয়ামী লীগ সভাপতি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ‘রাজশাহী মহানগর আওয়ামী লীগ বর্তমানে একটা শক্তিশালী জায়গায় পৌঁছে গেছে। এটিকে আমরা ধরে রাখতে চাই। আগামী সম্মেলনের মাধ্যমে দল আরও শক্তিশালী হবে। সম্মেলনের পর আমরা সেটি আরও ভালোভাবে জানান দেবো।’
বর্ধিত সভায় বক্তব্য দেন মতিহার থানা আওয়ামী লীগ সভাপতি ডা. আব্দুল মান্নান, বোয়ালিয়া থানা (পূর্ব) আওয়ামী লীগ সভাপতি আতিকুর রহমান কালু, রাজপাড়া থানা আওয়ামী লীগ সভাপতি হাফিজুর রহমান বাবু, শাহ মখদুম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদত আলী শাহু।








