রাজশাহীতে করোনাভাইরাসে আক্রান্ত আরেকজন রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্ত এই নারী রোগী সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে রাজশাহী আসেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) তার নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া যায় বলে জানিয়েছেন রাজশাহীর সিভিল সার্জন ডা. এনামুল হক। এ নিয়ে রাজশাহীতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো তিন জনে।
সর্বশেষ আক্রান্ত এই নারীর বাড়ি পুঠিয়া উপজেলার গন্ডগোহালী এলাকায়। তিনি ও তার স্বামী নারায়ণগঞ্জে পোশাক কারখানায় চাকরি করেন।
সিভিল সার্জন ডা. এনামুল হক জানান, গত সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে ওই নারী ও তার স্বামীসহ তিন জনের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিক্যাল কলেজের করোনা ল্যাবে পাঠানো হয়। একই পরিবারের তারা তিন জন একসঙ্গে নারায়ণগঞ্জ থেকে বাড়িতে যান। মঙ্গলবার ওই তিন জনের নমুনা পরীক্ষা হয়। এতে শুধু ওই নারীর নমুনার ফলাফল পজিটিভ আসে। অপর দুজনের নেগেটিভ এসেছে। তাকে নিজ বাসায় আইসোলেশনে রাখা হয়েছে।
ডা. এনামুল হক বলেন, 'গত ১১ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে লুকিয়ে তারা রাজশাহীর পুঠিয়ার গন্ডগোহালী গ্রামের নিজ বাসায় যান। বাড়িতে আসার পর জ্বরে আক্রান্ত হন ওই নারী। এরপর তারা বিষয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জানান।
পুঠিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমা আক্তার জানান, স্বামীর সঙ্গে ওই নারী নারায়ণগঞ্জ থেকে পুঠিয়া আসলেও নারীর রিপোর্ট পজিটিভ এসেছে। তবে তার স্বামীর রিপোর্ট নেগেটিভ। দুজনেরই নমুনা আবারও বুধবার পরীক্ষা করা হবে।
এদিকে, গণপরিবহন বন্ধ থাকলেও নানা কৌশলে এখনও রাজশাহী আসছেন মানুষ। কয়েকদিন আগে ঢাকা থেকে পুঠিয়া উপজেলায় আসা এক ব্যক্তির প্রথম করোনা শনাক্ত হয় গত রবিবার। আর নারায়ণগঞ্জ থেকে জেলার বাগমারায় আসা আরেক ব্যক্তির করোনা শনাক্ত হয় সোমবার। সবশেষে শনাক্ত হলেন পুঠিয়ার এই নারী।
রাজশাহীতে এখন শনাক্ত হওয়া কোভিড-১৯ রোগী তিন জন। পরিস্থিতি মোকাবিলায় মঙ্গলবার সকালে রাজশাহী জেলাকে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। গত এক সপ্তাহে যারা ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে ফিরেছেন তাদের প্রত্যেকেরই নমুনা পরীক্ষা করার সিদ্ধান্তের কথা জানিয়েছে জেলা প্রশাসন।








