পাবনায় নতুন করে আরও দুই জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের একজনের বাড়ি সুজানগর উপজেলায় এবং অন্যজনের বাড়ি সাঁথিয়া উপজেলায়। তারা দুই জনই নারায়ণগঞ্জ ফেরত গার্মেন্টকর্মী। বুধবার (২৯ এপ্রিল) রাতে এই তথ্য নিশ্চিত করেছেন পাবনার সিভিল সার্জন ডাক্তার মেহেদী ইকবাল।
সুজানগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হাবিবুর রহমান জানান, আক্রান্ত ব্যক্তি (৩২) নারায়ণগঞ্জের একটি গার্মেন্ট কারখানায় কাজ করেন। তিনি গত ১৪ এপ্রিল নিজ গ্রাম সুজানগরের নাজিরগঞ্জের নওয়াগ্রামে আসেন। গত ২৬ এপ্রিল তার নমুনা সংগ্রহের পর পরীক্ষার জন্য রাজশাহী পাঠানো হয়। নমুনা পরীক্ষার রিপোর্টে তারা করোনা পজিটিভ এসেছে।
তিনি আরও জানান, পরীক্ষার পূর্বে তার শরীরে জ্বর, কাশিসহ অন্য কোনও করোনার উপসর্গ দেখা যায়নি। তাকে আপাতত বাড়িতেই আইসোলেশনে রাখা হয়েছে। উপজেলা প্রশাসন ওই গ্রামটি লকডাউন ঘোষণা করেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হবে।
অপরদিকে, সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফাতেমা তুজ জান্নাত জানান, আক্রান্ত ব্যক্তির বয়স ২৬। তার বাড়ি উপজেলার আতাইকুলা ইউনিয়নের চতুরহাটি গ্রামে। তিনি নারায়ণগঞ্জ ফেরত গার্মেন্টকর্মী। গত ২৭ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী পাঠানো হয়। এরপর রিপোর্টে করোনা পজিটিভ পাওয়া গেছে।
সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামাল আহমেদ জানান, আক্রান্ত ব্যক্তি তার নিজ বাড়িতে আছেন। তাকে আপাতত সেখানেই হোম আইসোলেশনে রাখা হয়েছে। তার পরিবারের অন্য সদস্যদের নমুনা সংগ্রহ করা হবে। আর চতুরহাটি গ্রামকে লকডাউন ঘোষণা করা হয়েছে।
প্রসঙ্গত, এ নিয়ে পাবনা জেলায় করোনা শনাক্তের সংখ্যা ১০ জন। এর আগে চাটমোহর উপজেলায় একজন স্বাস্থ্যকর্মীসহ তিন জন, সদর উপজেলায় একজন চিকিৎসক ও নার্সসহ তিন জন এবং ভাঙ্গুড়া উপজেলায় দুই জনের করেনো শনাক্ত হয়।








