চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পদ্মা নদীতে ডুবে মিঠুন (১৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার তেররশিয়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। উপজেলার পাকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্য রমজান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
মিঠুন উপজেলার পাকা ইউনিয়নের দক্ষিণ পাকার তেররশিয়া গ্রামের এখলেসুর রহমানের ছেলে। সে পাকা নারায়ণপুর পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
মিঠুনের বাবা এখলেসুর রহমান জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মিঠুনসহ চার জন পদ্মা নদীতে মাছ ধরতে যায়। নৌকা থেকে তারা নদীতে জাল ফেলার সময় জালের সঙ্গে চার জনই নদীতে পড়ে যায়। মিঠুনের অপর তিন সহযোগী সাঁতরে নৌকায় উঠতে পারলেও মিঠুন পানিতে তলিয়ে যায়। পরে দুপুর ২টার দিকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।








