করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাজশাহীতে এক নারীর মৃত্যু হয়েছে। করোনা রোগীদের জন্য নির্ধারিত রাজশাহীর খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২ মে) বিকালে তার মৃত্যু হয়। এই রোগীর নাম আয়েশা খাতুন (৩৮)।
শনিবার দুপুরে পাবনার ঈশ্বরদীর বাবুপাড়া এলাকার ওই নারী জ্বর, গলা ব্যথা ও বমি নিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে আসেন। জরুরি বিভাগ থেকে তাকে খ্রিস্টান মিশন হাসপাতালের করোনা ওয়ার্ডে পাঠানো হয়।
রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, গত শুক্রবার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই নারী চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন। গত শনিবার দুপুরে তাকে রাজশাহীতে নিয়ে আসা হয়। বিকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সাইফুল ফেরদৌস আরও জানান, ওই নারী করোনা আক্রান্ত ছিলেন কি না তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। রামেকের ল্যাবে নমুনা পরীক্ষার পরই বিষয়টি নিশ্চিত করে বলা যাবে।








