বগুড়ায় করোনায় আক্রান্তের খবর পেয়ে ছেলেকে নিয়ে গ্রামের বাড়িতে পালিয়ে যাওয়া রোগীর স্ত্রী-ছেলের পর এবার তার শ্যালিকার করোনা শনাক্ত হয়েছে। বুধবার (৬ মে) জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বিষয়টি নিশ্চিত করেন। ওই ব্যক্তি ঢাকার একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। ঢাকা থেকে বগুড়া ফেরার পর তার করোনা শনাক্ত হয়।
বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, এরআগে করোনা পজিটিভের খবর পেয়ে শাজাহানপুরের ফুলতলার বাড়ি থেকে পালিয়ে সদরের শেকেরকোলার বাড়িতে আশ্রয় নেয় ওই ব্যক্তি। আক্রান্ত ওই ব্যক্তির শ্যালিকা বগুড়া বক্ষব্যাধি হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স। পূর্বে তার স্ত্রী বগুড়া শজিমেক হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ও তাদের ১২ বছরের ছেলেও করোনায় আক্রান্ত হয়। ভগ্নিপতি, বোন ও ভাগ্নে আক্রান্ত হবার পরও বক্ষব্যাধি হাসপাতালের ওই সিনিয়র স্টাফ নার্স তাদের বাসায় যাতায়াত করেছেন।
ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, ওই নার্সের করোনা শনাক্ত হয়েছে। গত ৪ মে বগুড়া শজিমেক হাসপাতাল পিসিআর ল্যাবে তাদের নমুনা সংগ্রহ করা হয়। তাদের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন সাত জন।








