করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে ঈদ পর্যন্ত রাজশাহী মহানগরীর সকল মার্কেট ও দোকান বন্ধের ঘোষণা দিয়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। শুক্রবার (১৫ মে) রাসিকের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
শুক্রবার বিকালে শহরের নগর ভবনে মেয়র দফতরকক্ষে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার সঙ্গে চেম্বার অব কর্মাস ও ব্যবসায়ীক নেতারা বৈঠক করেন। পরে বৈঠকে সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় মার্কেটের দোকান কর্মচারীদের সহায়তা প্রদানের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৪ মে) রাসিকের উদ্যোগে নগর ভবনের সিটি হল সভাকক্ষে সরকারি কর্মকর্তা, চেম্বার অব কর্মাস, ব্যবসায়ী নেতা ও ব্যবসা প্রতিষ্ঠান মালিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় চূড়ান্ত কোনও সিদ্ধান্ত না আসায় পুনরায় সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত নগর ভবনে মেয়র দফতরকক্ষে দ্বিতীয় দফা সভা অনুষ্ঠিত হয়। সেখানেও সিদ্ধান্ত না আসায় পরবর্তীতে তৃতীয় দফায় শুক্রবার বিকালে মার্কেট বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।








