সিরাজগঞ্জে যমুনার পানি কমলেও ফের বাড়ার আশঙ্কা করছে পাউবো। গত ২৪ ঘণ্টায় ৫ সেন্টিমিটার কমে শনিবার (১৮) জুলাই দুপুর ১২টায় সিরাজগঞ্জ পয়েন্টে বিপদসীমার ৯৬ সেন্টিমিটার এবং কাজিপুরে ১০৩ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে।
পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী একে.এম রফিকুল ইসলাম জানান, যমুনায় সামনের ক’দিন পানি কমার সম্ভবনা থাকলেও ঈদের আগে তৃতীয় দফা ফের বাড়ার আশঙ্কা রয়েছে ।
এদিকে শুক্রবার দিনভর সদর উপজেলার সয়দাবাদ, কালিয়া হরিপুর, খোকশাবাড়ি ও কাওয়াখোলা ইউনিয়নে দুই হাজার হতদরিদ্র ও বন্যার্তের মাঝে প্রায় ২০ মেট্রিক টন ভিজিএফ চাল বিতরণ করেন সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের এমপি প্রফেসর ডা. হাবিবে মিল্লাত মুন্না।








