সিরাজগঞ্জের তাড়াশের মহাসড়কে লংভেইকেল চাপায় দুই পথচারী নিহত ও তিন জন আহত হয়েছেন। সোমবার (২০ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে নাটোর-বনপাড়া মহাসড়কের খালকুলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, তাড়াশের কালুপাড়া গ্রামের ময়নাল হোসেন (৩২) এবং শাহজাদপুরের তালগাছি গ্রামের মানিক হোসেন (৩০)।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল্লাহিল বাকী জানান, রাজশাহী থেকে ঢাকাগামী একটি লংভেইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এ সময় ৫ পথচারীকে এটি ধাক্কা দেয়। ঘটনাস্থলেই দু’জন নিহত হন। আহত হন আরও তিন জন। দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ দমকল বাহিনীর সহায়তায় হতাহতদের উদ্ধার করে। লাশ দু’টি হাটিকুমরুল হাইওয়ে থানায় ও আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণে ঘণ্টাব্যাপী ওই মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হয়।








