বগুড়ার ধুনটে ভিজিএফ ও ভিজিডি প্রকল্পের ৯৩ বস্তা চালসহ গ্রেফতার সারিয়াকান্দির বোহাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজনু খাঁন এবং ধুনটের গোসাইবাড়ি ইউনিয়ন যুবলীগের অর্থ-বিষয়ক সম্পাদক আল আমিনকে সংগঠন থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু শুক্রবার (২৪ জুলাই) বিকালে এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, গত বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় যমুনা নদীর গোসাইবাড়ি ঘাটে নৌকা এবং চুনিয়াপাড়ায় ভটভটি থেকে ভিজিএফ এবং ভিজিডির ৯৩ বস্তা চাল জব্দ করা হয়। এ সময় সরকারি চাল পাচারে জড়িত থাকায় আওয়ামী লীগ নেতা মজনু খাঁন ও যুবলীগ নেতা আল আমিনকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (২৩ জুলাই) ধুনট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল হামিদ দুই নেতা ও অজ্ঞাত দুই ভটভটি চালকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের ২৫(১) ধারায় মামলা করেন। পরে মজনু খাঁন ও আল আমিনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। দুই ভটভটি চালককে গ্রেফতারে অভিযান চলছে।
এদিকে, ধুনটে সরকারি ৯৩ বস্তা চালসহ আওয়ামী লীগ নেতা মজনু খাঁন ও যুবলীগ নেতা আল আমিন গ্রেফতার হওয়ায় শুক্রবার বিকালে জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করেন। তারা এ ঘটনায় জড়িত সারিয়াকান্দি উপজেলার বোহাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজনু খাঁনকে সংগঠন থেকে অব্যাহতি দেন। তাকে বহিষ্কার করতে কেন্দ্রীয় সংসদে সুপারিশ প্রেরণ করা হয়েছে। এছাড়া জড়িত ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়ন যুবলীগের অর্থ-বিষয়ক সম্পাদক আল আমিনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে ধুনট উপজেলা যুবলীগ ও জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন জানান, জেলা আওয়ামী লীগের নির্দেশনা পাওয়া গেছে। যুবলীগ নেতা আল আমিনের বিরুদ্ধে স্থানীয়ভাবে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। তাই শনিবার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন্দ্রকে অবহিত করা হবে।








