রাজশাহীতে করোনা ও উপসর্গ নিয়ে চার জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুইজন করোনা পজিটিভ ছিলেন। দুজনের শরীরে করোনার উপসর্গ ছিল। শুক্রবার (২৪ জুলাই) দিনের বিভিন্ন সময় তারা মারা যান।
করোনায় মারা যাওয়া দুজন হলেন-রাজশাহীর তানোর পৌরসভার রায়তন আকচা মহল্লার বাসিন্দা আলফাজ দেওয়ান (৪২) ও রাজশাহী মহানগরীর মথুরডাঙ্গা মহল্লার বাসিন্দা জাহানারা বেগম (৬৫)। আলফাজ দেওয়ান ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন।
উপসর্গ নিয়ে মারা গেছেন-নওগাঁর পোরশা উপজেলার আবদুল আজিজ (৪৫) ও রাজশাহী মহানগরীর মহিষবাথান এলাকার বাসিন্দা দিলরোজ আরা (৬০)। দিলরোজ আরা রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন।
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, করোনা আক্রান্ত আলফাজ দেওয়ান শুক্রবার দুপুরে খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে মারা যান। তার করোনা আক্রান্ত স্ত্রীও এ হাসপাতালে চিকিৎসাধীন। করোনার উপসর্গ নিয়ে দিলরোজ আরাকে সন্ধ্যায় মিশন হাসপাতালে ভর্তি করা হয়। এর আধা ঘণ্টা পর তিনি মারা যান।
অন্যদিকে করোনা আক্রান্ত জাহানারা বেগম রামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন। বিকালে তিনি মারা যান। করোনার উপসর্গ নিয়ে হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে থাকা পোরশার কৃষক আবদুল আজিজেরও মৃত্যু হয় বিকালে। মৃতদের সবার মরদেহ স্বাস্থ্যবিধি মেনে দাফনের ব্যবস্থা করা হয়েছে।








