সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে দালালচক্রের আনাগোনা ফের বেড়েছে। সরকারি হাসপাতালের আউটডোর থেকে প্রকাশ্যে শহরের বিভিন্ন বেসরকারি ক্লিনিকে প্রতিদিনই রোগী ভাগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। হাসপাতাল ব্যবস্থাপনা সভায় আলোচনা হলে মাঝেমধ্যে অভিযান চলে। কিছু দিন যেতেই ফের আগের অবস্থা দাঁড়ায়।
দালালচক্রের কারণে বর্তমানে অসহায় হয়ে পড়েছেন রোগী ও হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে, জেনারেল হাসপাতালের প্রধান ফটকের সামনে ‘দি থাইরোকেয়ার ডায়গনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার’ নামে নতুন রেজিস্ট্রেশন বিহীন একটি বেসরকারি ক্লিনিক উদ্বোধনের পাঁয়তারাও চলছে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন খোদ জেলা স্বাস্থ্য বিভাগ।
হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ফরিদুল ইসলাম শুক্রবার (২১ আগস্ট) বলেন, হাসপাতালে দালালচক্রের দৌরাত্ব বেড়ে যাওয়ার বিষয়ে গতকালই পুলিশকে বলেছি। সরকারি হাসপাতাল গেটের উল্টো দিকে ওই নির্মিত ও ক্লিনিক নিয়ে হাসপাতাল ব্যবস্থাপনা সভায় এরই মধ্যে আলোচনা হয়েছে। এটি স্থাপনে আইনগত ভিত্তি কতটুকু, তা সিভিল সার্জনই ভালো জানেন।
সিভিল সার্জন ডা. জাহেদুল ইসলাম বলেন, এ হাসপাতাল নিয়ে আমরাই ঝামেলায় আছি। তারপরও বিষয়টি দেখছি।
জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ বলেন, স্বাস্থ্য বিভাগের সঙ্গে এ হাসপাতালের বৈধতার বিষয়ে আলোচনা করবো।
সদর ওসি হাফিজুর রহমান বলেন, বৃহস্পতিবার (২০ আগস্ট) অভিযান চালিয়ে দুই দালালকে ধরা হয়েছে।








