নওগাঁর মান্দায় ভারত সরকারের অর্থায়নে নির্মিত শ্রীশ্রী রঘুনাথ জিউ মন্দিরের তীর্থযাত্রী বিশ্রামালয় ভবনের উদ্বোধন করলেন ভারতীয় হাই কমিশনার শ্রীমতি রীভা গাঙ্গুলী দাশ। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ভবনটির উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রীভা গাঙ্গুলী বলেন, ভারত এবং বাংলাদেশের সম্পর্ক এখন সোনালি অধ্যায়ের মধ্য দিয়ে পার হচ্ছে। দুই দেশ মিলিতভাবে প্রতিনিয়ত অনেক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। এবং এ ধারা অব্যাহত থাকবে। দুই দেশের মানুষের মনের অনেক মিল রয়েছে। ফলে আমরা একে অপরের সমন্বয়ে নানামুখি উন্নয়নমূলক কাজ করতে সফল হচ্ছি।
মান্দা শ্রীশ্রী রঘুনাথ জিউ মন্দিরের সভাপতি চন্দন কুমার মৈত্রর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রীযুক্ত সঞ্জিব কুমার ভাট্টি, জেলা প্রশাসক হারুন- অর- রশিদ, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি তপন কুমার সেন প্রমুখ।








