খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘করোনার কথা মাথায় রেখে এবারের দুর্গোৎসবে দেবীর মূল পূজা ছাড়া অন্যান্য আনুষ্ঠানিকতা সীমিত করা হয়েছে। বাহ্যিক সাজসজ্জাসহ বিভিন্ন খাতের অর্থ মানবতার সেবায় বিলিয়ে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।’
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কোভিড-১৯ এর সম্ভাব্য সেকেন্ড ওয়েভ মোকাবিলায় প্রস্তুতি এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘পূজামণ্ডপ পরিদর্শনের সময় অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করতে হবে এবং পূজা উদযাপন কর্তৃপক্ষকে মণ্ডপগুলোতে হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে।’
এ সময় নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দির তরফদার, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান ইয়াকুব আলী পাটোয়ারি, জেলা প্রশাসক হারুন-অর-রশীদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন।








