নাটোর পৌরসভার নির্বাচনকে প্রভাবিত করার লক্ষ্যে সংসদ সদস্যের ভাই, ভগ্নিপতিসহ দলীয় লোকেরা সাংবাদিক হিসেবে পর্যবেক্ষক কার্ড নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মেয়র প্রার্থী শেখ এমদাদুল হক আল মামুন। নাটোর পৌরসভার বিএনপি মনোনীত এই মেয়র প্রার্থীর বলেন, তারা স্থানীয় বিভিন্ন দৈনিক ও অখ্যাত অনলাইন পত্রিকার সাংবাদিক হিসেবে পর্যব্ক্ষেক কার্ড নিয়েছেন। আমি সুষ্ঠু,নিরপেক্ষ ও অবাধ ভোটের স্বার্থে অনতিবিলম্বে এসব অপেশাদার সাংবাদিকদের পর্যবেক্ষক কার্ড বাতিলের দাবি জানাচ্ছি।
তিনি মঙ্গলবার বিকেলে শহরের আলাইপুর এলাকায় জেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান। শেখ এমদাদুল হক আল মামুন দাবি করেন,সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের ছোট ভাই সাজেদুল ইসলাম ওরফে সাগর পর পর তিনবার তাকে প্রাণনাশের হুমকি দেন। সম্প্রতি সাগর স্থানীয় একটি পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে নির্বাচনি পর্যবেক্ষকের কার্ড ও গাড়ির অনুমতি নিয়েছেন। এমনকি সংসদত সদস্যের ভগ্নিপতি আমিরুল ইসলাম জাহান ও ব্যবসায়ীক অংশীদার আশফাকুল ইসলামের নামেও বাংলাদেশ মানবাধিকার কমিশনের পরিচয়ে পর্যবেক্ষক কার্ড এবং গাড়ি ব্যবহারের অনুমতি নেওয়া হয়েছে।
এছাড়া যাচাই-বাছাই না করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের নামে সাংবাদিক ও মানবাধিকার কর্মী হিসেবে পর্যবেক্ষকের কার্ড এবং গাড়ি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন,এতে একদিকে যেমন নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হবে অন্যদিকে পর্যবেক্ষকের নামে হোন্ডা এবং গুন্ডাবাহিনী দিয়ে নির্বাচনে প্রভাব বিস্তার করা হবে। নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে আমি অনতিবিলম্বে এসব অপেশাদারদের পর্যবেক্ষকদের কার্ড বাতিলের দাবি জানাচ্ছি।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা কাজী আতিউর রহমান জানান, বিষয়টি সম্পর্কে খোঁজ-খবর নিয়ে তিনি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন।
/জেবি/এমআর/








