বগুড়া শহরের কানুচগাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় সারফুল ইসলাম (৩০) নামে আর্মড পুলিশের নায়েক মারা গেছেন। বৃহস্পতিবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।
সারফুল জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সুসৃস্টি গ্রামের বাসিন্দা।
বগুড়ার সদর থানার ওসি (তদন্ত) আসলাম আলী জানান, সারফুল ইসলাম বগুড়ায় চতুর্থ আর্মড পুলিশ ব্যাটালিয়নে নায়েক পদে কর্মরত ছিলেন। তিনিসহ কয়েকজন পুলিশ শহরের সাতমাথায় থার্টিফার্স্ট নাইটের ডিউটি শেষে রাত ৩টার দিকে সিএনজি অটোরিকশায় পুলিশ লাইন্সে ফিরছিলেন। ফেরার পথে শেরপুর সড়কের কানুচগাড়ি এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে সিএনজি রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায়। এতে সামনে সিটে থাকা সারফুল রাস্তায় ছিটকে পড়ে গেলে মাথায় আঘাত পান।
তিনি আরও বলেন, সারফুলকে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তার লাশ দাফনের জন্য গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।
/এআর/








