রাজশাহীতে একুশের প্রথম প্রহরে ঢল নেমেছিল মানুষের। কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যদিয়ে নগরীর বিভিন্ন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো।
রাজশাহীতে প্রস্তাবিত কেন্দ্রীয় প্রতিকী শহীদ মিনারে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। ২১ ফেব্রুয়ারি (রবিবার) প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে নগরীর সোনাদিঘি সংলগ্ন সার্ভে ইনস্টিটিউটের পরিত্যক্ত স্থানে স্থাপিত প্রতিকী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ রাজশাহী মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা, রাজশাহী সিটি করপোরেশনের কাউন্সিলর-কর্মকর্তা, রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতা, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীসহ রাজশাহীর সর্বস্তরের জনসাধারণ।
রাজশাহী কোর্ট শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, জেলা প্রশাসক আব্দুল জলিলসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা কর্মচারীরা।
এদিকে রাজশাহী প্রেসক্লাব, মেট্রোপলিটন প্রেসক্লাব, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের নেতারা ভুবন মোহন পার্ক শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
অন্যদিকে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজশাহী কলেজে অবস্থিত শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালন করা হয়েছে। ২১ শে ফেব্রুয়ারি শহীদ দিবস উপলক্ষে শনিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আয়োজিত মোমবাতি প্রজ্বালন অনুষ্ঠানে রাজশাহী কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর আব্দুল খালেক ও বিদায়ী অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান এর নেতৃত্বে কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদ, সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. ইব্রাহিম আলী, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. সেরাজ উদ্দিন, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মিজানুর রহমানসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মচারী এবং রোভার স্কাউটের সদস্যরা উপস্থিত ছিলেন।
রাজশাহী কলেজ শহীদ মিনারে রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।









