ঢাকা-রাজশাহী মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ট্রাকসহ আন্তঃজেলা ডাকাতদলের ৬ সদস্যকে আটক করেছে সিরাজগঞ্জের ডিবি পুলিশ। সোমবার ভোর রাতে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, নাটোর জেলার সদর থানার পার-আটঘরিয়া গ্রামের কাঞ্চন (৪৮), পার হাট দারিয়া গ্রামের মো. হোসেন আলী (২৫), সিংড়া থানার রাখালগাছা গ্রামের শাহিনুর রহমান (২৮), লালপুর থানার চক নাজিরপুর গ্রামের রাশেদুল মিয়া (২৮), বড়াইগ্রাম থানার আহম্মেদপুর গ্রামের লিটন মোল্লা (২৮) ও সদর থানার বলরামপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন (৩০)।
জিজ্ঞাসাবাদ শেষে তাদের সলঙ্গা থানার মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ওয়াহেদুজ্জামান।
পুলিশ সুপার মো.মিরাজ উদ্দিন আহম্মেদ জানান, এটি একটি অভিনব ও সংঘবদ্ধ চক্র। মহাসড়কে রাতে খালি ট্রাক নিয়ে ঘোরাঘুরি করে। সুযোগ বুঝে যাত্রীদের উঠিয়ে ফাঁকা স্থানে নিয়ে ডাকাতি করে। কখনও মালামাল ছিনিয়ে নিয়ে ছেড়ে দেয়, কখনও যাত্রীদের খুন করে লাশ মহাসড়কে ফেলে রেখে পালিয়ে যায়। এ ধরনের গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতি কালে ট্রাকসহ এদের ৬ সদস্যকে ডিবি পুলিশ আটক করে।
তিনি আরও বলেন, এদের রিমান্ডে এনে আরও সুস্পষ্ট তথ্য সংগ্রহ এবং বাকিদের গ্রেফতারে ডিবি পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
/এআর/








