রাজশাহী বিভাগের আট পৌরসভার নবনির্বাচিত মেয়ররা শপথ গ্রহণ করেছেন। এছাড়া আটটি পৌরসভার ৭১ জন সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত নারী ওয়ার্ডের ২৪ জন কাউন্সিলরও শপথ নিয়েছেন। রবিবার (১৪ মার্চ) দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর তাদের শপথবাক্য পাঠ করান। রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই ১০৩ জনপ্রতিনিধির শপথ নেওয়া পৌরসভাগুলো হলো– রাজশাহীর গোদাগাড়ী, তানোর, তাহেরপুর ও নওহাটা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, নাটোরের বড়াইগ্রাম এবং জয়পুরহাটের আক্কেলপুর ও কালাই পৌরসভা। পৌরসভা নির্বাচনের চতুর্থ ধাপে এসব পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়।
রাজশাহী বিভাগীয় কমিশনার প্রথমে গোদাগাড়ী পৌরসভার নবনির্বাচিত মেয়র মনিরুল ইসলাম বাবু, তানোরের ইমরুল হক, তাহেরপুরের আবুল কালাম আজাদ, নওহাটার হাফিজুর রহমান হাফিজ, শিবগঞ্জের সৈয়দ মনিরুল ইসলাম, বড়াইগ্রামের মাজেদুল বারী নয়ন, আক্কেলপুরের শহীদুল বারী চৌধুরী এবং কালাইয়ের মেয়র রাবেয়া সুলতানাকে একসঙ্গে শপথবাক্য পাঠ করান।
এরপর সংরক্ষিত নারী ওয়ার্ডের কাউন্সিলর এবং শেষে সাধারণ কাউন্সিলরদের শপথ করানো হয়। অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার তাদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। এ সময় স্থানীয় সরকার বিভাগের রাজশাহী বিভাগীয় পরিচালক মো. জিয়াউল হক ও উপপরিচালক ড. চিত্রলেখা নাজনীন উপস্থিত ছিলেন।









