সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী তেল ডিপোতে ৪ ঘণ্টা তেল উত্তোলন বন্ধ থাকার পর দুপুর ১২টায় আবার তেল উত্তোলন শুরু হয়েছে। সাড়ে ৪ হাজার তেল লিটার ছিনতাই হয়ে যাওয়ার ঘটনায় সকাল ৮টা থেকে উত্তরবঙ্গ ট্যাংক-লরি শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাকার পরে দুপুর ১২টায় আবার কর্মসূচি প্রত্যাহার করেন। উত্তরবঙ্গ ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মোজাম্মেল হোসেন এ তথ্য জানান।
মঙ্গলবার (২৩ মার্চ) সকাল ৮টা থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী তেল ডিপোতে শ্রমিকরা তেল উত্তোলন না করায় বাঘাবাড়ী নৌবন্দর থেকে উত্তরবঙ্গের কোথাও ৪ ঘণ্টা কোনও তেলবাহী ট্যাংক-লরি চলেনি। তবে দুপুর ১২টা থেকে ট্যাংক-লরি চলাচল শুরু করেছে।
উত্তরবঙ্গ ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মোজাম্মেল হোসেন বলেন, ‘আগামীকাল আমাদের শ্রমিক নেতাদের একটি দল বগুড়ার পুলিশ সুপার (এসপি) মহোদয়ের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবে বলে সিদ্ধান্ত হয়েছে। তাই ধর্মঘট স্থগিত করা হয়েছে।’
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীদ মাহমুদ বলেন, ‘সকাল থেকে শ্রমিকরা ধর্মঘট পালন করছিলেন। খবর পেয়ে আমি ও ইউএনও মহোদয় বাঘাবাড়ী বন্দর এলাকায় এসে শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলেছি। আগামীকাল শ্রমিক নেতাদের একটি দল বগুড়ায় পুলিশ সুপার (এসপি) স্যারের সঙ্গে আলোচনা করবে কীভাবে বিষয়টির সমাধান করা যায়। এই সিদ্ধান্তের পর শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করেছেন।’
উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি বগুড়ার শেরপুর এলাকায় ট্যাংক-লরি থেকে ৯ হাজার লিটার তেল ছিনতাই হয়। ট্যাংক-লরি চালক ও হেলপারের যোগসাজশে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে জানান মো. মোজাম্মেল হোসেন। তিনি জানান, এর মধ্যে সাড়ে চার হাজার লিটার তেল পুলিশ উদ্ধার করতে সক্ষম হয়। বাকি আরও সাড়ে চার হাজার লিটার তেল উদ্ধার হয়নি এবং চালক-হেলপারও এখন পর্যন্ত গ্রেফতার হয়নি। তাই এই কর্মসূচি ছিল।









