রাজশাহীতে বড়ভাইকে গলা কেটে হত্যার অভিযোগে ছোটভাইকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৭ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে নগরীর খড়খড়ি এলাকা থেকে ছোটভাই শিমুল হোসেনকে (১৬) গ্রেফতার করা হয়। এর আগে শুক্রবার (২৬ মার্চ) দিবাগত রাতে নগরীর হাড়ুপুরের বাগানপাড়া এলাকায় এ হত্যার ঘটনা ঘটে। শনিবার সকালে বাড়ি থেকে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ বড়ভাই সাকিব হোসেনের (১৮) মরদেহ উদ্ধার করে। এরপর লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এসব তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস।
তিনি জানান, শুক্রবার দিবাগত রাতে হাড়ুপুর এলাকার মো. হেলিনের ছেলে সাকিব ও শিমুল তাদের বাড়িতে একই কক্ষে ঘুমিয়েছিলেন। শনিবার সকালে ওই কক্ষের দরজা খুললে গলাকাটা অবস্থায় সাকিবের মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। ঘটনার পর থেকে শিমুলের কোনও হদিস মিলছিল না। পরে বিকালে তাকে গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতারের পর পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হয়।
তিনি আরও জানান, সাকিব এসএসসিতে ফেল করে আর পড়াশোনা করেনি। ছোটভাই শিমুল অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে। তারা কোনও কাজ করতো না। তবে সাকিব মাদকের সঙ্গে সম্পৃক্ত ছিল। তার বিরুদ্ধে থানায় একটি মাদকের মামলাও আছে বলে জানায় পুলিশ।









