করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে অনির্দিষ্টকালের জন্য রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ এপ্রিল) দুপুর থেকে এ ঘোষণা কার্যকর হয়।
রাজশাহীর কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার সুপারভাইজার শরিফুল ইসলাম বলেন, করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সিটি মেয়রের নির্দেশে চিড়িয়াখানা ও কেন্দ্রীয় উদ্যান বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার থেকে বনভোজনসহ সবধরনের অনুষ্ঠান বন্ধ করা হয়েছিল। শনিবার দুপুর থেকে সাধারণ দর্শনার্থীদের প্রবেশেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ নির্দেশ বহাল থাকবে বলে জানান তিনি।
এদিকে টি-বাঁধের ট্যুরিস্ট স্পট বন্ধ থাকবে বলে জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ রাজশাহী রিজিয়ন। এনিয়ে শুক্রবার বিকালে মাইকিং করে ট্যুরিস্ট পুলিশ।
পুলিশ জানায়, সার্বিক করোনা পরিস্থিতি বিবেচনায় টি-বাঁধ ট্যুুরিস্ট স্পটটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি মাসের ১ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত টি-বাঁধ ট্যুুরিস্ট স্পট বন্ধ থাকবে। করোনাভাইরাস সংক্রমণ রোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে বন্ধের সময়সীমা বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।









