রাজশাহীতে মার্কেট খোলার দাবিতে বিক্ষোভ

রাজশাহী প্রতিনিধি
০৫ এপ্রিল ২০২১, ১৮:৪৫আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ১৮:৪৫

রাজশাহীতে মার্কেট খোলার দাবিতে বিক্ষোভ করেছেন ব্যবসায়ী ও কর্মচারীরা। সোমবার (৫ এপ্রিল) বেলা ১১টার পর রাজশাহী নগরীর সাহেববাজার আরডিএ মার্কেটের সামনে জড়ো হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এবং দোকান খুলে দেওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পরে পুলিশসহ প্রশাসনের কর্মকর্তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। বিক্ষোভকারীরা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় কথা বলেন।

রাজশাহী কাপড়পট্টি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক খন্দকার শামিম বলেন, ‘গত বছর লকডাউনের কারণে পরিবার-পরিজন নিয়ে ঠিকমতো ঈদ করতে পারিনি। লকডাউন চলছে চলুক, আমাদের একটা সময় বেঁধে দিলে ভালো হবে। সেই সময়ের মধ্যে আমরা স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা করতে চাই।’

তিনি আরও বলেন, ‘অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু আসলাম ও পুলিশের কর্মকর্তারা এসেছিলেন। তারা আমাদের সঙ্গে কথা বলেছেন। তারা জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে আমাদের জানাবেন।’

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু আসলাম এসে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছেন। ব্যবসায়ীদের দাবিগুলো শুনেছেন। তিনি ব্যবসায়ীদের কথাগুলো সরকারের উপর মহলে জানাবেন এমন আশ্বাস দেন। বিষয়টি জেলা প্রশাসকের পক্ষ থেকে মঙ্গলবার জানানো হবে। এরপর রাস্তা থেকে ব্যবসায়ীরা চলে গেছেন।

এদিকে, রাজশাহীতে অনেকটা ঢিলেঢালাভাবে শুরু হয়েছে লকডাউন। প্রথম দিন জরুরি পরিষেবা ছাড়া সব বন্ধ থাকলেও কঠোরভাবে লকডাউন মেনে চলায় মাঠে কাজ করছেন আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা। সড়কে বাস না চললেও রিকশা অটোরিকশা ও সিএনজি চলছে। তবে এইসব পরিবহনে স্বাস্থ্যবিধি মেনে যাত্রীদের উঠতে ও সামাজিক দূরত্ব মেনে চলতে নির্দেশনা দিচ্ছেন আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা। কোথাও যানবাহনে দুই-তিন জনের অধিক দেখলে যাত্রীদের নামিয়ে দেওয়া হচ্ছে।

রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিকী বলেন, ‘রবিবার রাত থেকেই মার্কেট ও গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। প্রথম দিনে মানুষকে সচেতন করা হচ্ছে যাতে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেন বের না হয়। তবে দ্বিতীয় দিন থেকে আরও কড়াকড়ি করা হবে।’

এদিকে, রাজশাহীতে লকডাউনের মধ্যে আরডিএ মার্কেট খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ী ঐক্য পরিষদ। রবিবার বেলা ১১টায় আরডিএ মার্কেটে সংবাদ সম্মেলনের আয়োজন করে ব্যবসায়ী নেতারা। তারা জানান, লকডাউনে দেশের বড় বড় কলকারখানা ও গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান খোলা রাখার সিন্ধান্ত নেওয়া হয়েছে। তারা যেভাবে নিয়ম-নীতির মধ্যে থেকে কলকারখানা খোলা রাখবে আরডিএ মার্কেটও তেমনভাবেই চলবে। পাশাপাশি সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলতে মার্কেটের ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান ব্যবসায়ী নেতারা।

ব্যবসায়ী নেতারা বলেন, ‘রাজশাহী শিক্ষা নগরী হওয়ায় এক বছর থেকে এই মহামারিতে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এই সময়ে মন্দা পরিস্থিতিতে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। সামনে রমজান মাস। এই সময় আমাদের ব্যবসার মূল সময়। কিন্তু এই সময়ে মার্কেট বন্ধ থাকলে আমরা আরও ক্ষতিগ্রস্ত হবো। বিগত লকডাউনে সরকার প্রদত্ত প্রণোদনার অর্থ আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীরা কেউ পাইনি। আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে শান্তিপূর্ণভাবে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখতে চাই। লকডাউনে মার্কেট খোলা রাখার বিষয়ে স্থানীয় প্রশাসন আন্তরিকতা না দেখালে দল-মত নির্বিশেষে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা।’

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম