রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বধ্যভূমির পাশে খননরত পুকুরের মাটিতে ফের পাওয়া গেল ১৯৭১ সালের অবিস্ফোরিত পাঁচটি মর্টার শেল। শুক্রবার (২১ মে) দুপুরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন পশ্চিম বুধপাড়া এলাকায় সেগুলো নিরাপদে নিষ্ক্রিয় করে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল। মতিহার থানার উপপরিদর্শক ইমরান হাসান এ তথ্য জানান।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিচু জমি ভরাট করতে বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমি এলাকার খননরত পুকুরের মাটি কেনেন নগরীর পশ্চিম বুধপাড়া এলাকার মুঙ্গলা নামের এক ব্যক্তি। বৃহস্পতিবার জমির মাটি সমান করতে গিয়ে কেনা মাটির ভেতর থেকে একে একে চারটি মর্টার শেল পান তিনি। শুক্রবার সকালে আরও একটি মর্টার শেল পেয়েছেন তিনি। বিষয়টি মতিহার থানাকে জানালে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সেগুলো হেফাজতে নেয়। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া ক্যান্টনমেন্ট থেকে ক্যাপ্টেন মিনহাজের নেতৃত্বে ২৫ জনের একটি দল আসে। পরে পরিত্যক্ত মর্টার শেলগুলো নিষ্ক্রিয় করেন তারা।
এর আগে গত ২৭ ও ৩০ এপ্রিল রাবির বধ্যভূমি এলাকার খননরত পুকুর থেকে আরও তিনটি মর্টার শেল ও একটি রকেট লঞ্চার উদ্ধার করে পুলিশ। সেনাবাহিনী সেগুলোও নিষ্ক্রিয় করে। এ নিয়ে মোট আটটি মর্টার শেল ও একটি রকেট লঞ্চার উদ্ধার করা হলো।
জানা গেছে, ১৯৭১ সালে বধ্যভূমির পাশেই শহীদ শামসুজ্জোহা হলে পাক হানাদারদের ক্যাম্প ছিল। উদ্ধার মর্টার শেলগুলো যুদ্ধকালীন সময়ের বলে ধারণা করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘এই জায়গাটিতে যেহেতু আর্মি ক্যাম্প ছিল, তাই সেখানে আরও অনেক অবিষ্ফোরিত বোমা থাকতে পারে। আমরা পুলিশ ও সেনাবাহিনীকে পুরো এলাকা পরীক্ষা করার বিষয়ে জানিয়েছি।’









