রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। রবিবার (১১ জুলাই) সকাল ৮টা থেকে সোমবার (১২ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তারা মারা যান।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, করোনা ইউনিটে মারা যাওয়া ১৪ জনের মধ্যে পজিটিভ ছয় জন, উপসর্গ নিয়ে চার জন এবং করোনা মুক্ত হয়ে মারা গেছেন আরও চার জন। তাদের মধ্যে রাজশাহীর পাঁচ জন, চাঁপাইনবাবগঞ্জের দুই জন, নাটোরের চার জন, নওগাঁর দুই জন ও পাবনার একজন রয়েছেন।
হাসপাতালের পরিচালক আরও জানান, ৪৫৪ শয্যা নিয়ে গঠিত রাজশাহী হাসপাতালের করোনার ১২টা ইউনিটে সোমবার সকাল ৮টা পর্যন্ত রোগী ভর্তি আছেন ৫১৭ জন।
এদিকে রাজশাহীতে বেড়েছে করোনা শনাক্তের হার। রবিবার রাতে দুটি ল্যাবে রাজশাহী জেলার ৫১৩ জনের নমুনা পরীক্ষা করে ১৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। আগের দিনের চেয়ে ৪ দশমিক ৫৮ শতাংশ বেড়ে, শনাক্তের হার ২৯ দশমিক ৬৩ শতাংশ। এর আগের দিন শনিবার এ হার ছিল ২৫ দশমিক ০৫ শতাংশ।
এর আগে গত শুক্রবার ছিল ৩৩ দশমিক ৯৯ শতাংশ, গত বৃহস্পতিবার ছিল ১৮ দশমিক ১৬ শতাংশ, গত বুধবার ছিল ২৬ দশমিক ৫৭ শতাংশ, গত মঙ্গলবার ছিল ২১ দশমিক ৯২ শতাংশ।
ল্যাব সূত্র জানায়, রবিবার রাজশাহী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পৃথক দুই ল্যাবে তিন জেলার ৬৫৬ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ১৮৬ জনের করোনা শনাক্ত হয়। রাজশাহী জেলা ছাড়াও চাঁপাইনবাগঞ্জের ১০ জনের নমুনা পরীক্ষা করে সবার নেগেটিভ এসেছে। এছাড়াও নওগাঁর ১৩৩ জনের নমুনা পরীক্ষায় ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে।









