আড়ানীর মেয়র মুক্তার সাময়িক বরখাস্ত

রাজশাহী প্রতিনিধি
১২ জুলাই ২০২১, ২৩:৪৮আপডেট : ১২ জুলাই ২০২১, ২৩:৪৮

রাজশাহীর আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় তাকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে রবিবার (১১ জুলাই) একটি প্রজ্ঞাপন জারি করেছে। মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-২ শাখার উপসচিব মোহাম্মদ ফারুক হোসেন প্রজ্ঞাপনে সই করেছেন।

মেয়র মুক্তার আলী গ্রেফতার হয়ে এখন অস্ত্র মামলায় চার দিনের রিমান্ডে আছেন। মঙ্গলবার (১৩ জুলাই) তার রিমান্ড শেষ হবে। এ দিনই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

তাকে সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপনে বলা হয়েছে, আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীর বিরুদ্ধে বাঘা থানায় মামলা হয়েছে। এটি স্থানীয় সরকার (পৌরসভা) আইন অনুযায়ী মেয়র পদ থেকে তাকে অপসারণযোগ্য অপরাধ। এমন অপরাধমূলক কার্যক্রম পৌর পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বলে সরকার মনে করে। তাই তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে। অবিলম্বে এটি কার্যকর হবে।

এক কলেজ শিক্ষককে মারধরের জেরে মুক্তার আলীর বিরুদ্ধে গত মঙ্গলবার বাঘা থানায় একটি মামলা হয়। এরপর পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা, অস্ত্র, মাদক এবং তার স্ত্রী ও দুই ভাতিজাকে গ্রেফতার করে। এরপর গত শুক্রবার ভোরে পাবনার ঈশ্বরদী থেকে মুক্তার ও তার শ্যালককে গ্রেফতার করা হয়। সেদিনই তার বাড়িতে আবারও অভিযান চালানো হয়। এ অভিযানেও মেলে নগদ টাকা, অস্ত্র এবং মাদক। বিকালে তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুক্রবার থেকেই জেলার পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে মেয়রকে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা বাঘা থানার উপ-পরিদর্শক (এসআই) তৈয়ব আলী বলেন, ‘তদন্তাধীন বিষয়ে এখন কথা বলা যাবে না।’ তিনি জানান, মঙ্গলবার মুক্তার আলীর রিমান্ড শেষ হবে।

মুক্তার আলী ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য। এরপর পৌরসভার কাউন্সিলর হন। ২০১৫ সালে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবার মেয়র হন। এ বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে দলীয় মনোনয়ন না পেলেও তিনি ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে নির্বাচন করেন। মামলা-হামলায় দলীয় প্রার্থীকে কোণঠাসা করে জয়ীও হন। পরে দলীয় সিদ্ধান্ত অমান্য করায় পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে তাকে বহিষ্কার করা হয়। এখন তার নামে মামলার সংখ্যা ১০টি।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম