বগুড়ার ধুনটে যমুনা নদীতে ভাঙন রোধে নির্মিত বানিয়াজান স্পারের প্রায় ২০ মিটার ধসে গেছে। বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরে নদীতে প্রবল স্রোত ও ঘূর্ণাবর্তের কারণে কিছু অংশ ধসে যায়। স্পারে ধস দেখা দেওয়ায় নদী পাড়ের মানুষ আতঙ্কে রয়েছেন।
তবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবর রহমান জানান, এটা নিয়মিত ধস। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ঠিকাদারকে দায়িত্ব দেওয়া হয়েছে। শুক্রবার (৬ আগস্ট) সকাল থেকে বালিভর্তি বস্তা ফেলে ধস বন্ধের কাজ শুরু হবে।
পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, যমুনা নদীর ভাঙন ঠেকাতে ২০০৩ সালে সারিয়াকান্দি ও ধুনট উপজেলায় ছয়টি স্পার নির্মাণ করা হয়। প্রতিটি স্পার নির্মাণে ব্যয় ১১ কোটি টাকা। এগুলোর মধ্যে শুধু সারিয়াকান্দির হাসনাপাড়ার দুটি ঠিক আছে। বানিয়াজান স্পারের কংক্রিট ১৫০ মিটারের ৫০ মিটার বিলীন হয়ে গেছে। অবশিষ্ট তিনটি স্পারের অস্তিত্ব নেই।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বানিয়াজান স্পারের কংক্রিট অংশের গোড়ায় হঠাৎ ধস নামে। এ সময় ভয়ে ও আতঙ্কে স্পারের আশপাশে গড়ে ওঠা দোকান-পাট দ্রুত সরিয়ে নেওয়া হয়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য জহুরুল ইসলাম জানান, স্পারে ধসের খবর পেয়ে বিষয়টি তাৎক্ষণিকভাবে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাদের অবহিত করেন।
পাউবোর সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নদীতে স্রোত ও পানি কম থাকায় স্পারটি তেমন ঝুঁকিপূর্ণ হয়নি।









