রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় পাঁচ, উপসর্গে চার ও করোনা পরবর্তী স্বাস্থ্য জটিলতায় একজন মারা গেছেন। সোমবার (২৩ আগস্ট) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানান।
তিনি জানান, ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর দুই, চাঁপাইনবাবগঞ্জের দুই, নাটোরের এক, নওগাঁর এক, পাবনার তিন ও চুয়াডাঙ্গার একজন। ছয় জন পুরুষ ও চার জন নারী। তাদের মধ্যে পাঁচজনের বয়স ৬১ বছরের ওপরে। অন্যদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের দুই, ৪১ থেকে ৫০ বছর বয়সের দুই এবং ২১ থেকে ৩০ বছর বয়সের একজন।
শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে ২৮ জন ভর্তি হয়েছেন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৯ জন। সোমবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে রোগী ভর্তি আছেন ২৩৮ জন। তাদের মধ্যে আইসিইউতে ২০ জন।
করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ১১৬ জন করোনায় আক্রান্ত। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৮৮ জন। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া করোনা নেগেটিভ হয়েও পরবর্তী শারীরিক স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন ৩৪ জন।
রামেক হাসপাতালের পরিচালক জানান, রাজশাহীতে করোনা সংক্রমণের হার কমেছে। রবিবার দুইটি ল্যাবে রাজশাহী জেলার ৩৪৭টি নমুনা পরীক্ষা করে ৬৩ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ১৮ দশমিক ১৬ শতাংশ। আগের দিন শনিবার ছিল ১৯ দশমিক ১৯ শতাংশ।








