রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আবারও মৃত্যু বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ১৪ জন মারা গেছেন। তাদের মধ্যে করোনায় সাত, উপসর্গে ছয় ও করোনা পরবর্তী স্বাস্থ্য জটিলতায় একজনের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ আগস্ট) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানান।
এর আগে গতকাল রবিবার রামেক হাসপাতালের করোনা ইউনিটে সাত জনের মৃত্যুর খবর পাওয়া যায়। একদিনের ব্যবধানে মৃত্যু বেড়ে দ্বিগুণ হয়েছে।
শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর চার, চাঁপাইনবাবগঞ্জের দুই, নাটোরের পাঁচ এবং নওগাঁ, পাবনা ও মেহেরপুরের একজন করে রয়েছেন। করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ২৯ জন। একই সময় সুস্থ হয়ে ২৫ জন হাসপাতাল ছেড়েছেন।
তিনি আরও জানান, আজ সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে ১৬১ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ৭৯ জন করোনায় আক্রান্ত। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৫৩ জন। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া করোনা নেগেটিভ হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন ২৯ জন।
রামেক হাসপাতালের পরিচালক বলেন, রবিবার রাজশাহী জেলার ২১৮টি নমুনা পরীক্ষা করে ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১২ দশমিক ৮৪ শতাংশ। এর আগের দিন শনিবার ছিল ২১ দশমিক ৩১ শতাংশ।









