রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় দুই, উপসর্গে দুই ও করোনা পরবর্তী স্বাস্থ্য জটিলতায় একজন মারা গেছেন। মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর এক, চাঁপাইনবাবগঞ্জের এক, নাটোরের দুই ও পাবনার একজন। হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৪ জন ভর্তি হয়েছেন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৯ জন।
শামীম ইয়াজদানী আরও জানান, করোনা ইউনিটে রোগী ভর্তি আছেন ১৫৩ জন। তাদের মধ্যে ৭৪ জন করোনায় আক্রান্ত। উপসর্গ নিয়ে ভর্তি ৫৫ জন। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া করোনা নেগেটিভ হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন ২৪ জন।
রামেক পরিচালক বলেন, রাজশাহীতে কমেছে করোনা সংক্রমণের হার। সোমবার রাতে দুইটি ল্যাবে রাজশাহী জেলার ২৬২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনা শনাক্ত হয়েছে ৩০ জনের। শনাক্তের হার ১১ দশমিক ৪৫ শতাংশ। এর আগের দিন রবিবার ছিল ১২ দশমিক ৮৪ শতাংশ।









