রাতে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের সিরাজগঞ্জ অংশে তীব্র যানজট থাকলেও বুধবার (৬ অক্টোবর) সকালের দিকে যান চলাচল স্বাভাবিক হয়ে এসেছে। তবে ঝুঁকিপূর্ণ নলকা সেতু ও এর আশপাশের রাস্তায় ছোট ছোট গর্তের কারণে যানবাহনের ধীরগতি রয়েছে। এতে মহাসড়কের ওই এলাকায় প্রায় সবসময়ই ধীরগতিতে গাড়ি চলাচল করছে। এতে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা।
বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আব্দুল বারী ও হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল্লাহেল বাকী।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার দায়িত্বরত কর্মকর্তা এএসআই মো. আব্দুল বারী বলেন, রাতে মহাসড়কে তীব্র যানজট থাকলেও সকালের দিকে তা কমতে শুরু করে। এখন বঙ্গবন্ধু সেতু পশ্চিম এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই মো. আব্দুল্লাহেল বাকী বলেন, রাতের যানজট কেটে গিয়ে মহাসড়ক স্বাভাবিক হয়ে এসেছে। উত্তরবঙ্গ-ঢাকা মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর থেকে নলকা এলাকা পর্যন্ত সড়কের বেশিরভাগ জায়গা ভেঙে ছোট ছোট গর্তের সৃষ্টি হয়েছে। নলকা সেতুটিও ঝুঁকিপূর্ণ হওয়ায় ওই রাস্তাটুকুতে গাড়ি স্বাভাবিক গতিতে চলাচল করতে পারে না। এতে ওই অংশে প্রায় ৪-৫ কিলোমিটার এলাকাজুড়ে একটু পরপরই ধীরগতি ও থেমে থেমে যানজটের তৈরি হয়। তবে সেখানে যেন বড় ধরনের যানজট তৈরি না হয় সে জন্য হাইওয়ে পুলিশ তৎপর রয়েছে বলে জানান তিনি।









